
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তীব্র শিক্ষক সংকট শিক্ষাব্যবস্থাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। এর সঙ্গে দারিদ্র্য, শিশুশ্রম, বাল্যবিয়ে, জলবায়ু ঝুঁকি ও অবকাঠামোগত দুর্বলতায় বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আরও ঝুঁকির মুখে পড়ছে—এমন মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন করপোরেশনের সম্মেলনকক্ষে ‘বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান।
অনুষ্ঠানে মূল বক্তব্যে গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ভর্তির হার বাড়লেও মানসম্মত শিখনফল অর্জনে শিক্ষার্থীদের বড় একটি অংশ পিছিয়ে রয়েছে। তিনি জানান, চা-বাগান, চর, হাওর, পাহাড়ি অঞ্চল, আদিবাসী, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের ক্ষেত্রে এসডিজি-৪ অর্জনে বৈষম্য স্পষ্ট।
তিনি শিক্ষাখাতে জিডিপির ৪ থেকে ৬ শতাংশ বরাদ্দ, শিক্ষকদের মর্যাদা ও সক্ষমতা বৃদ্ধি, সর্বজনীন স্কুল মিড-ডে মিল এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষাবিষয়ক পরামর্শক কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমেদ। এছাড়া বিভিন্ন শিক্ষাবিদ, গবেষক, উন্নয়নকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সভা থেকে শিক্ষা খাতে সংস্কার ও বাজেট বৃদ্ধি, স্থায়ী শিক্ষা কমিশন গঠন এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণসহ একাধিক সুপারিশ আগামী সরকারের কাছে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহমুদুল হাসান তারিপ
Copyright © 2026 দৈনিক আজকাল. All rights reserved.