রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর এলাকায় সরকারি খাস জমি দখল করে দোকানপাট স্থাপনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন।
বুধবার (৪ মার্চ) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার মহলবাড়ী মৌজার এসএ ১৩৬ নম্বর দাগভুক্ত সরকারি খাস জমির ওপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে কয়েকটি হোটেল নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
অভিযোগকারী মোশাররফ হোসেন জানান, উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে, পোস্ট অফিসের বিপরীতে এবং খালেক হোটেলের পূর্ব পাশে মহাসড়কের পশ্চিম দিকে ফাইসাল হোটেল, বিসমিল্লাহ হোটেল ও আলমগীরের হোটেল নামে তিনটি দোকান স্থাপন করা হয়েছে। এসব স্থাপনার কারণে মহাসড়কের ফুটপাত ও রাস্তার ক্যাম্বার আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। এতে পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে তিনি দাবি করেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার সহায়তায় প্রায় ১৭ বছর ধরে সরকারি জমি দখল করে এসব দোকান পরিচালনা করা হচ্ছে। অভিযুক্তদের মধ্যে নন্দুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মামুন আল জিলানি অভিকের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী দাবি করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের কারণে এলাকাবাসী বিষয়টি নিয়ে মুখ খুলতে সাহস পাননি। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সাধারণ মানুষের মধ্যে সরকারি জমি দখলমুক্ত করার বিষয়ে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাতিজা বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট স্থানে নতুন করে কোনো নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত সরকারি জমি দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহমুদুল হাসান তারিপ
Copyright © 2026 দৈনিক আজকাল. All rights reserved.