নিজস্ব প্রতিবেদক, রানীশংকৈল (ঠাকুরগাঁও):
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–৩ (পীরগঞ্জ–রানীশংকৈল) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুর রহমান জাহিদকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানিয়েছে যুবদল। সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদারের লক্ষ্যে রানীশংকৈলে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার বিকেলে পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে। জনগণের পাশে থেকে দায়িত্বশীলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, সিনিয়র সহসভাপতি পান্না বিশ্বাস ও নুরনবী, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুর ইসলামসহ অন্যান্য নেতারা।
সমাবেশে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, সাংগঠনিক সম্পাদক আওলাদ, পৌর যুবদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তার এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারাও অংশ নেন।
সমাবেশে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে যুবদলের শক্তিশালী অবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
— দৈনিক আজকাল
সম্পাদক ও প্রকাশক: মো. মাহমুদুল হাসান তারিপ
Copyright © 2026 দৈনিক আজকাল. All rights reserved.