
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
রাজনীতিতে দ্বৈত অবস্থানের সমালোচনা করে জাতীয় গণতান্ত্রিক দলের (এনডিপি) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, “সাথে থাকলে সঙ্গী, আর পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের ১১ দলীয় জোটের উদ্যোগে গড়েয়া বাজারে আয়োজিত এক নির্বাচনি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ প্রধান অভিযোগ করেন, বিএনপি ও জামায়াত একসময় ঐক্যবদ্ধভাবে রাজনীতি করলেও বর্তমানে তাদের অবস্থানে পরিবর্তন এসেছে। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতীতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারের সমালোচনা করলেও এখন ভিন্ন অবস্থান নিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ বিভাজন বা বিভ্রান্তিকর রাজনীতি চায় না। জনগণ একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়।
জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেনের প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, তিনি দীর্ঘ সময় কারাবন্দি থেকে নির্যাতন সহ্য করেছেন এবং তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন।
সভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। নেতারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মো. মাহমুদুল হাসান তারিপ
Copyright © 2026 দৈনিক আজকাল. All rights reserved.