
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় রক্ত নিয়ে অর্থ লেনদেন, সিনিয়র স্বেচ্ছাসেবীদের সাথে অসদাচরণ এবং স্বেচ্ছাসেবীদের নামে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করার অভিযোগে রক্তবন্ধু যুব কল্যাণ সংস্থার কয়েকজন স্বেচ্ছাসেবীর বিরুদ্ধে সালিসি বোর্ড গঠন করা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলা সদরের চৌধুরী জেনারেল হাসপাতালে অভিযুক্ত আরেফিন ও সুজনের উপস্থিতিতে এ সালিসি বোর্ড অনুষ্ঠিত হয়। অভিযোগে বলা হয়, কিছু স্বেচ্ছাসেবী রক্ত সংগ্রহকে কেন্দ্র করে অর্থ আদান-প্রদান করেছেন এবং সংগঠনের সিনিয়র সদস্যদের সাথে অসদাচরণ করেছেন।
সালিসি বোর্ডে অভিযুক্ত স্বেচ্ছাসেবীরা নিজেদের ভুল স্বীকার করে সকলের কাছে সাধারণ ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে সংস্থার উপদেষ্টা পরিষদ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সুজন নামের এক স্বেচ্ছাসেবীকে সংগঠন থেকে বহিষ্কারের নির্দেশ প্রদান করে।
কিশোরগঞ্জ জেলার স্বেচ্ছাসেবী মহল এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখেছে এবং উপদেষ্টা পরিষদের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তারা আশা প্রকাশ করেন, ঘোষিত সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে।
স্বেচ্ছাসেবী মহল জানায়, মানবিক কাজ সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও মানুষের কল্যাণের জন্য। মানবিক কাজের আড়ালে কোনো ধরনের দালালি বা অনৈতিক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
সালিসি বোর্ডে উপস্থিত ছিলেন রক্তকমল মানবিক সংগঠন বাংলাদেশ–এর প্রধান উপদেষ্টা এবি এম ছিদ্দিক চঞ্চল, রক্তবন্ধু যুব কল্যাণ সংস্থার উপদেষ্টা মানিক রায় চৌধুরী, নাট্যকার আতিকুর রহমান মিলন এবং সাইফুল ইসলাম রিমন।