
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও:
উৎসব ও আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার এবং প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মো. বেলাল হোসেন। তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠের কার্যক্রম থেকেই শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতার মতো গুণাবলি তৈরি হয়। ভবিষ্যতেও জেলা পুলিশ এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন।

দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ নানা প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার শেখ ইমরান হোসেন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জুয়েল রানা এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের প্রাণোচ্ছ্বল অংশগ্রহণ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
— দৈনিক আজকাল