
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ও ইএসডিও’র সহযোগিতায় পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, মহিলা দল নেত্রী আনারকলি বেগম, সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম এবং রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহেরা বেগম।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা তথ্য কর্মকর্তা হালিমা আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মেহবুবা আক্তার, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা বিলকিস বেগম, গ্রাম আদালত কর্মকর্তা রাশেদা বেগম, বিএনপি নেতা প্রভাষক মুস্তাফিজুর রহমান, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম এবং সাংবাদিক হজরত আলী।

বক্তারা তাদের বক্তব্যে কন্যাশিশুর শিক্ষা বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, কিশোর-কিশোরী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।