
হোসেনপুর প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ঠাডারকান্দা বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং পৌর প্রশাসক মোহসী মাসনাদ।
অভিযানকালে বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করে পণ্যের মূল্যতালিকা, মজুত পরিস্থিতি এবং বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
প্রশাসন জানায়, রমজানকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজারে শৃঙ্খলা ও মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে রমজান মাসজুড়ে উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত মনিটরিং অব্যাহত থাকবে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রশাসনের বার্তা—
আইন মেনে ব্যবসা পরিচালনা করুন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করুন এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখুন।