
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা-এ গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশ-এর একটি বিশেষ টিম উপজেলার ৫ নম্বর বাচোর ইউনিয়নের আবাদতাকিয়া চৌরাস্তা এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার সহোদর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. রায়হান (৩৮) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলা-এর পটুয়াপাড়া গ্রামের মৃত ওসমান গণির ছেলে রুবেল মিয়া (৫০)।
এ বিষয়ে আমানুল্লাহ আমান জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।