
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তি তানভীর হাসান (৩২)। তিনি বাচোর ইউনিয়নের কাতিহার মাধবপুর গ্রামের বাসিন্দা এবং দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে তার কাছ থেকে উল্লেখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এ তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন।