
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও-৩ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী বার্তা পৌঁছে দিতে একাধিক উঠান বৈঠক ও পথসভা আয়োজন করা হয়।
বাচোর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক স্বপন আলীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন।
জোসনা মার্কেট থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন বের হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কাতিহার, বাংলাগড়, ফুটানি টাউন ও শকের টাউনসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
শোডাউনের সময় ধানের শীষের পক্ষে স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতারা আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পুরো ইউনিয়নে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।