
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা:
“প্রথম ঠিকানা বাংলাদেশ, শেষ ঠিকানা বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন নিয়েই সরকার গঠন করে দেশ পুনর্গঠন করতে চান তারা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে একটি স্বৈরাচারী সরকার নিজেদের স্বার্থ রক্ষা করেছে, অথচ দেশের মানুষের অধিকার ও ভবিষ্যৎ উপেক্ষিত হয়েছে। জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনাই বিএনপির লক্ষ্য বলে জানান তিনি।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে জনসভাস্থলে পৌঁছালে হাজারো নেতা-কর্মী করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান। দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁও সফর করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বক্তব্যে তিনি ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, বিমানবন্দর, চিনিকল, হিমাগার ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু এবং স্বল্প ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৩ সালে এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের সূচনা করেছিলেন তারেক রহমান। সে কারণে জেলার সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক গভীর।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পয়গাম আলী। এছাড়া ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিএনপির মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছে পরে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ে আসেন তারেক রহমান। একই দিনে নীলফামারী ও দিনাজপুরেও পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।