
ফুটবলপ্রেমী হোন বা না হোন, ফিফা বিশ্বকাপ মানেই আলাদা উন্মাদনা। সেই উন্মাদনার পরবর্তী অধ্যায় শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ দিয়ে, যা যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের সবচেয়ে বড় এই আসর। বিশ্বকাপ সামনে রেখে সম্ভাব্য চ্যাম্পিয়ন, দলগুলোর শক্তি-দুর্বলতা ও তারকাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা তুঙ্গে।
এরই মধ্যে লিওনেল মেসি ও বর্তমান আর্জেন্টিনা জাতীয় দল নিয়ে নিজের মতামত দিয়েছেন ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার মারিও কেম্পেস।
১৯৭৮ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুই গোল করে আর্জেন্টিনাকে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন করেছিলেন মারিও কেম্পেস। এরপর ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনা এবং ২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ থাকলেও দলটি নিয়ে আশাবাদী কেম্পেস। রদ্রিগো রেয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা যে ফুটবল খেলেছে, বাছাইপর্বেও আমরা প্রায় একই রকম পারফরম্যান্স দেখছি। দলটা এখনও ক্ষুধার্ত এবং নিজেদের প্রমাণ করতে চায়। আর্জেন্টিনা সবসময়ই বড় টুর্নামেন্টে প্রভাবশালী।”
লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে কেম্পেস মনে করেন, ইন্টার মায়ামি ও এমএলএসে খেলার কারণে মেসিকে এখন তুলনামূলকভাবে আরও ফিট ও সতেজ দেখা যাচ্ছে।
কেম্পেস বলেন,
“এমএলএস ইউরোপের শীর্ষ লিগগুলোর মতো কঠিন না হলেও, মেসি যতদিন খেলতে আগ্রহী থাকবে এবং যুক্তরাষ্ট্রে যেভাবে নিজেকে মানিয়ে নিয়েছে, তাতে সে আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”
তিনি আরও যোগ করেন, মাঠে খেলুক বা ডাগআউট থেকে দলকে অনুপ্রাণিত করুক—সব অবস্থাতেই মেসির উপস্থিতি দলের জন্য বড় শক্তি। মেসি শুরু একাদশে থাকবেন নাকি বদলি হিসেবে নামবেন, তা পুরোপুরি নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।
সরকার নোট-গাইড ও কোচিং বানিজ্যকে স্থায়ীভাবে বন্ধে বিধিমালা করছে
এখন পর্যন্ত মাত্র ৮টি দেশ বিশ্বকাপ জিতেছে।
ব্রাজিল – ৫ বার
জার্মানি ও ইতালি – ৪ বার
আর্জেন্টিনা – ৩ বার
উরুগুয়ে ও ফ্রান্স – ২ বার
ইংল্যান্ড ও স্পেন – ১ বার
ইতিহাসে কেবল ইতালি (১৯৩৪-৩৮) ও ব্রাজিল (১৯৫৮-৬২) টানা দুইবার বিশ্বকাপ জিততে পেরেছে। ২০২৬ সালে আর্জেন্টিনার সামনে সেই ইতিহাস ছোঁয়ার সুযোগ থাকছে।
প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ২০২৬। আর্জেন্টিনা পড়েছে গ্রুপ ‘জে’-তে। তাদের গ্রুপ প্রতিপক্ষ—
অস্ট্রিয়া
আলজেরিয়া
জর্ডান
আর্জেন্টিনার ম্যাচ সূচি:
১৬ জুন: আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
২২ জুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া
২৬ জুন: আর্জেন্টিনা বনাম জর্ডান
২০২২ কাতার বিশ্বকাপে রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবার লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে পারে—এমন গুঞ্জনের মাঝেই শিরোপা ধরে রেখে ইতিহাসে নাম লেখাতে পারবে কি না, সেটাই এখন পুরো ফুটবলবিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন।